দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং চিকিৎসকদের ওপর আরোপিত বৈষম্য নিরসনের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।
রোববার (৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে নওগাঁ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
এ সময় তারা ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন। একইসঙ্গে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এফসিপিএস ট্রেইনিং সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৯ মে ২০২৬ তারিখের সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে। পাশাপাশি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
এছাড়া তারা ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকা নির্ধারণসহ সুনির্দিষ্ট বেতন কাঠামোর দাবি জানান।
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. নাদিয়া বিনতে কাজল বলেন, সরকারের কিছু সিদ্ধান্ত চিকিৎসকদের হতাশ করছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ন্যায্য ভাতা নিশ্চিত না হলে রোগীদের সঠিক সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে।
ডা. হাসিবুল হাসান রাকিব বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলবে।
প্রসঙ্গত, চিকিৎসক ও শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— এফসিপিএস ট্রেইনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, বেতন কাঠামো পুনর্নির্ধারণ, বিএমডিসি আইন সংস্কার এবং ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ সংক্রান্ত দাবি।
এমএস/